প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:১২:৫০ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুর-০৪ আসনের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহসভাপতি ও জেএসডি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তানিয়া রব বলেছেন, ‘ক্ষমতা নয়, জনসেবাই আমার রাজনীতির মূল লক্ষ্য।’
তিনি বলেন, জনগণের আস্থা ও ভোটে নির্বাচিত হতে পারলে এলাকার মানুষের প্রকৃত সমস্যা সমাধানে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
তার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-০৪-এর কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা রাজ্জাক চৌধুরীর বাড়িতে, ৩নং ওয়ার্ডের তসলিমের বাড়িতে, ১নং ওয়ার্ডের শাহজাহানের বাড়িতে, ৯নং ওয়ার্ডের গোবিন্দের বাড়িতে, ৮নং ওয়ার্ডের নজির মেম্বারের বাড়িতে, ৭নং ওয়ার্ডের কলোনিতে, ৫নং ওয়ার্ডের দূল গ্রামে নারী ভোটারদের সাথে তারা মার্কার সমর্থনে উঠান বৈঠকে অংশ নিয়ে এবং বাদ মাগরিব কড়াইতলা বাজারে পথসভা শেষে সংক্ষিপ্ত সমাবেশে অংশগ্রহণ করে মিসেস রব এসব কথা বলেন।
এ সময় তিনি সরাসরি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দুঃখ-দুর্দশা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।
তানিয়া রব বলেন, জনগণের কথা শোনা, ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং বাস্তবভিত্তিক উন্নয়নই তার রাজনীতির মূল দর্শন। তিনি আরও বলেন, জনগণের জীবনমান উন্নয়নে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করাই আমার অঙ্গীকার।
নির্বাচনী প্রচার ও গণসংযোগে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, জনগণের এই ভালোবাসা ও সাড়া একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও জনকল্যাণমুখী নেতৃত্বের প্রত্যাশাকেই স্পষ্ট করে।
গণসংযোগ ও উঠান বৈঠকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতারা তানিয়া রবের নেতৃত্বে এলাকার উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।




















