হামিদুল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি: ৪ নভেম্বর ২০২৫ , ৩:৫৭:৫৩ প্রিন্ট সংস্করণ
মেহেরপুরের গাংনীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে গাংনী বাজারে অবস্থিত উপজেলা বিএনপির দুই পক্ষের কার্যালয়ের সামনে এই সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেহেরপুর-২ আসনে সাবেক এমপি আমজাদ হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে দলীয় কার্যালয় ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
আমজাদ হোসেন অভিযোগ করে বলেন, “মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল দেশীয় অস্ত্র নিয়ে আমাদের কার্যালয়ে হামলা চালায়। এতে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।”
অপরদিকে, মিল্টন সমর্থকরা অভিযোগ করেন, আমজাদ হোসেনের সমর্থকেরা তাদের অফিসে ভাঙচুর চালিয়েছে।
গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু বলেন, “আমজাদ হোসেনের লোকজন আমাদের অফিসে হামলা করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।”
স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি থাকলেও তারা কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করেন।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, “উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত থাকলেও পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।”





















