প্রচ্ছদ

গাইবান্ধায় ৫২ ইটভাটার বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

  প্রতিনিধি ৫ মার্চ ২০২৫ , ৪:৫৮:৩৪ প্রিন্ট সংস্করণ

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ৫২টি ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় ১৭টি, সাদুল্লাপুরে ৯টি, গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জে ৪টি করে এবং সাঘাটা উপজেলায় ১টি ইটভাটার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় অফিস প্রধান ও উপপরিচালক (পদার্থ) মুবিন-উল-ইসলাম। গত ফেব্রুয়ারি মাসে গাইবান্ধার ছয়টি উপজেলায় বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। এ সময় ইটভাটাগুলোর গুণগত মান পরীক্ষার পর লাইসেন্স গ্রহণ ও নবায়নের নির্দেশনা দেওয়া হয়। তবে কিছু ইটভাটা নিয়ম না মেনে উৎপাদন চালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে বিএসটিআই আইন, ২০১৮-এর ২১ ধারা মোতাবেক গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী মো. জাহিদুর রহমান ও সহকারী পরিচালক (সিএম) প্রকৌশলী মো. তাওহীদ আল আমিন।
এদিকে, দেশের সব অবৈধ ইটভাটা চার সপ্তাহের মধ্যে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে (ডিসি) এই আদেশ বাস্তবায়ন করে আগামী ১৭ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপপরিচালক মুবিন-উল-ইসলাম।

আরও খবর

Sponsered content