বিনোদন

গোবিন্দর সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন, কে এই কোমল রানি স্বর্ণকার?

  প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৬ , ১০:৩২:৪৩ প্রিন্ট সংস্করণ

বলিউডের বিখ্যাত অভিনেতা গোবিন্দা মানেই তো পর্দায় ধুমধাম নাচ আর দুর্দান্ত অভিনয়। কিন্তু বেশ কিছুদিন ধরে নিজের কাজের চেয়ে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে আসছেন তিনি। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে এক নতুন মেয়ের সঙ্গে তাকে দেখতে পাওয়ার পর থেকেই বলিপাড়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে। সবাই জানতে চাইছেন, গোবিন্দার পাশের এই নতুন রহস্যময়ী নারীটি আসলে কে?

তাকে নিয়ে এখন নেটপাড়ায় বিপুল চর্চা। তরুণী এই অভিনেত্রীর নাম কোমল রানি স্বর্ণকার। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে, তিনি নাকি গোবিন্দার নতুন প্রেমিকা! যদিও গোবিন্দ ও কোমল কেউই তাদের মধ্যে প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি।

জানা গেছে, ‘রানি স্বর্ণকার’ নামেও পরিচিত কোমল রানি উত্তর প্রদেশের অভিনেত্রী। বলিউডে অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন তিনি। গোবিন্দর সঙ্গে ‘রূপা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখতে পারেন এই অভিনেত্রী। সিনেমাটি গোবিন্দর দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরার অন্যতম প্রকল্প বলেও মনে করা হচ্ছে।

কোমলের ব্যক্তিগত জীবন সম্পর্কে অবশ্য খুব বেশি তথ্য প্রকাশ্যে নেই। তার শিক্ষাজীবন, পারিবারিক পরিচয় কিংবা বয়স নিয়েও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। বর্তমানে ‘রূপা’ সিনেমায় অভিনয়ই তার ক্যারিয়ারের অন্যতম বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এর পাশাপাশি গোবিন্দর আরও একটি আসন্ন সিনেমা ‘দুনিয়াদারি’তেও কোমল অভিনয় করছেন বলে খবর রয়েছে। বিষয়টি সত্য হলে, একাধিক সিনেমায় একসঙ্গে দেখা যেতে পারে গোবিন্দ ও কোমলকে। তবে সিনেমার বাইরেও তাদের ঘনিষ্ঠতা নিয়েই মূলত আলোচনা তুঙ্গে উঠেছে। বিমানবন্দরে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রতিবেদনে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি কোমল।

অন্যদিকে, গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজার প্রতিক্রিয়াও বিষয়টিকে আরও আলোচনায় এনেছে। আশির দশক থেকে বিবাহিত গোবিন্দ ও সুনীতার দুই সন্তান টিনা ও যশবর্ধন। এর আগেও বিভিন্ন সময়ে নিজেদের দাম্পত্য জীবন নিয়ে কথা বলেছেন সুনীতা। এমনকি স্বামীর জীবনে অন্য কোনো নারীকে মেনে নেওয়ার ইচ্ছা নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি।

গোবিন্দ ও কোমলকে ঘিরে সাম্প্রতিক গুঞ্জনের প্রসঙ্গে সুনীতার একটি মন্তব্যও সামনে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেছেন ‘বিনাশকালে বিপরীত বুদ্ধি।’

তবে সুনীতার এই মন্তব্যের অর্থ কী এবং তা সরাসরি গোবিন্দ ও কোমলের সম্পর্ককে ইঙ্গিত করছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। একইভাবে গোবিন্দ ও কোমলের মধ্যকার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও এখন পর্যন্ত নিশ্চিত নয়। ফয়। ফলে তাদের নিয়ে চলা আলোচনা আপাতত জল্পনার পর্যায়েই রয়েছে।