সারাদেশ

ঘোড়াঘাটে আয়োজন করা হলো ‘খাদক’ প্রতিযোগিতা

  মোঃ শাহ্ আলম মন্ডল দিনাজপুর। ১৫ নভেম্বর ২০২৫ , ৮:০২:৪৮ প্রিন্ট সংস্করণ


দিনাজপুরের ঘোড়াঘাটে শুক্রবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী খেলা, যার নাম ‘খাদক (হাঙর) খাওয়ার প্রতিযোগিতা’। এই ভিন্নধর্মী খেলা দেখতে ফুটবল মাঠে শতশত নারী-পুরুষ, শিশু ও কিশোর-কিশোরীর ভিড় জমে।

প্রতিযোগিতায় অংশ নেন ৯ জন প্রতিযোগী। ১৫ মিনিটের মধ্যে ভাত, গরুর মাংস, ডাল ও ডিম খেয়ে শেষ করার নিয়মে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীরা হলেন—প্রথম: সুলতান হোসেন (পুরস্কার: একটি ছাগল) ,দ্বিতীয়: রাজিব (পুরস্কার: একটি রাজহাঁস),   তৃতীয়: স্বাধীন (পুরস্কার: একটি মোবাইল ফোন) ।

প্রথম পুরস্কারপ্রাপ্ত সুলতান হোসেন বলেন, “খাবারের প্রতি আমার প্রচুর ভালোবাসা আছে। নির্ধারিত সময়ের মধ্যে খাবার শেষ করে প্রথম হওয়ায় খুব খুশি।”

আয়োজক নূর মোহাম্মদ রিমন জানান, “ঘোড়াঘাট পৌরসভার ৯টি ওয়ার্ডে ২৩ নভেম্বর থেকে ওয়ার্ডভিত্তিক খাওয়ার প্রতিযোগিতা শুরু হয়। প্রতিটি ওয়ার্ড থেকে একজনকে ফাইনালে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার মিলন বলেন, “এই প্রথম উপজেলায় এমন ব্যতিক্রমধর্মী খেলার আয়োজন হয়েছে। বিজয়ীদের ‘খাদক বা হাঙর’ নামে ডাকা হয়েছে, যা বেশ আকর্ষণীয়।”

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও প্রতিবছর এ ধরনের আয়োজন করা হোক।

আরও খবর

Sponsered content