আবু হানিফ রানা, চট্টগ্রাম ব্যুরো: ২১ মে ২০২৬ , ৮:৩৯:২০ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের পাহাড়তলীর বাঁচামিয়া রোডের ঐতিহাসিক অনুপম ক্লাবের উদ্যোগে আয়োজিত উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের সরব উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
টুর্নামেন্টে মোট ১৬টি ক্লাব অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে সব দলকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় অল স্টার ক্লাব।
সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কামরুল হাসান পিপিএম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক। তিনি এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
ফাইনাল ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য হয়ে ওঠে।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির তত্ত্বাবধানে ছিলেন হাবিবুল ইসলাম প্রান্ত, মুফিত আহাম্মাদ হৃদয়, ইমাম হোসেন ইমন, নুরুল আফছারসহ অনেকে।
আয়োজকরা জানান, তরুণদের ক্রীড়ামুখী রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।





















