প্রতিনিধি ৮ জুলাই ২০২৬ , ২:২৮:২২ প্রিন্ট সংস্করণ
চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।
গ্রেপ্তারকৃত ফরিদা ইলিয়াস শহরের উত্তর শ্রীরামদী শ্রমিক কলোনীর মৃত আব্দুল গফুর শেখের মেয়ে। তার স্বামীর নাম ইলিয়াস হোসেন। তিনি ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে নিয়মিত সক্রিয় ভূমিকা পালন করেন এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনির অনুসারী।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আসামি হিসেবে আজ বুধবার সকাল ৮টার দিকে শহরের বড় স্টেশন এলাকার উত্তর শ্রীরামদী এলাকায় নিজ বাসা থেকে ফরিদা ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির উপস্থিত ছিলেন। এর আগে, গত ৮ জুন সন্ত্রাসবিরোধী আইনে থানায় বাদী হয়ে মামলাটি করেন উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, গ্রেপ্তারের পর ফরিদা ইলিয়াসকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।





















