সারাদেশ

শাজাহান সরকারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

  নিজস্ব প্রতিবেদক: ৯ অক্টোবর ২০২৬ , ১:৫১:৩৯ প্রিন্ট সংস্করণ

ঢাকা মহানগর উত্তর বনানী থানা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শাজাহান সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাঁদাবাজির অভিযোগ তুলে বিভিন্ন পোস্ট ও ভিডিও প্রকাশ করা হয়েছে। এসব অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সম্প্রতি ‘Md Sabu Islam’ নামের একটি ফেসবুক আইডি থেকে দুটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিও ও সংশ্লিষ্ট পোস্টে দাবি করা হয়, শাজাহান সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বনানী থানা যুবদল প্রশ্নের মুখে পড়েছে।

পোস্টগুলোতে ‘হেলাল’ নামের এক যুবককে শাজাহান সরকারের ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ করে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়। ওই যুবক শাজাহান সরকারের হয়ে চাঁদা তুলতে গিয়ে সাধারণ মানুষের হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন বলেও পোস্টে দাবি করা হয়। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এসব পোস্টের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক আইডিতে একটি সতর্কবার্তা দেন শাজাহান সরকার। সেখানে তিনি অভিযোগগুলোকে প্রোপাগান্ডা, মিথ্যা ও বানোয়াট তথ্য বলে উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে শাজাহান সরকার লেখেন, “আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম আমাকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। উক্ত বিষয়টি নিয়ে আমি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছি। সত্যতা যাচাই না করে যাঁরা এই প্রোপাগান্ডা, মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছেন, তারা যদি এসব তথ্য সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট না করেন—তবে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।”

পোস্টের শেষে তিনি ‘সাধু সাবধান’ লিখে সতর্ক করেন।

এদিকে, শাজাহান সরকারের অনুসারীদের দাবি, তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব পোস্ট ছড়ানো হচ্ছে। তবে অভিযোগগুলোর পেছনে কারা রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content