প্রচ্ছদ » সারাদেশ » চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুরে নির্মাণাধীন ব্রিজ ১৫ দিনের মধ্যে চালুর নির্দেশ প্রতিমন্ত্রীর
চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুরে নির্মাণাধীন ব্রিজ ১৫ দিনের মধ্যে চালুর নির্দেশ প্রতিমন্ত্রীর
মোঃ অনিক দেওয়ান , স্টাফ রিপোর্টার ২৫ মার্চ ২০২৬ , ৯:২৭:১৬প্রিন্ট
সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুরে নির্মাণাধীন একটি ব্রিজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম,এমপি। আজ বুধবার (২৫ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদরের শাহজাহানপুর ইউনিয়নে একটি ব্রিজের সড়ক নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি ব্রিজের সংযোগ সড়কের কাজ আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন, যাতে এটি জনসাধারণ ও যানবাহনের চলাচলের উপযোগী হয়।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের ঘোষণা দেন। তিনি জানান, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সড়ক এবং ৭ কোটি টাকা ব্যয়ে ব্রিজের মূল অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকার কারণে দীর্ঘদিন ধরে ব্রিজটি ব্যবহার অচল অবস্থায় রয়েছে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যৌথভাবে ব্রিজ পরিদর্শনের নির্দেশ দিয়েছেন, যাতে জনগণের ভোগান্তি দ্রুত দূর করা যায়।
তিনি আশা প্রকাশ করেন যে, মন্ত্রণালয় থেকে গঠিত কমিটি দ্রুত কার্যক্রম শেষ করে ব্রিজটি চলাচলের জন্য উন্মুক্ত করবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।