মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ৭ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৩৯:৫০ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় অবস্থিত নিশান সোসাইটির গ্রাহকরা বকেয়া টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় নিশান সোসাইটির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১টায় গ্রাহকরা জগদীশপুর তেমুনিয়া মুক্তিযোদ্ধা চত্বরে মহাসড়ক বন্ধ করে প্রতিবাদ জানান। অবরোধের কারণে শতশত যানবাহন আটকা পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।
গ্রাহকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নিশান সোসাইটি প্রতি লাখে মাসে ২-৩ হাজার টাকা লাভের আশ্বাস দিয়ে হবিগঞ্জসহ কয়েকটি জেলায় শাখা খুলে সাধারণ মানুষদের কাছ থেকে প্রায় দেড়শ কোটি টাকা সংগ্রহ করেছে। টাকা ফেরত চাওয়ার পর কর্মকর্তারা গড়িমসি শুরু করেন। পরে প্রধান পরিচালক এবং চেয়ারম্যানরা গোপনে পালিয়ে যান। গ্রাহকরা জানান, অনেকেই কোম্পানিতে জমি বিক্রি করে টাকা রেখেছিলেন কিন্তু কর্তৃপক্ষ তাদের টাকা ফেরত দিচ্ছে না। কিছু লোক আবার তাদের সম্পত্তি দখল করতে শুরু করেছে।
গ্রাহকরা সরকারের কাছে দাবি জানিয়েছেন, নিশান সোসাইটির সম্পত্তি সরকারের আওতায় নিয়ে সাধারণ মানুষের টাকা ফেরত নিশ্চিত করতে হবে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল্লাহ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, টাকা ফেরতের জন্য গ্রাহকরা সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করুন। মহাসড়কে অবরোধ করলে সমস্যার সমাধান সহজ হবে না।




















