শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা | ১২ এপ্রিল ২০২৬ , ১০:৪৯:৩১ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব দুর্গাবাটি হুলা নদীর চরে নির্বিচারে গাছ নিধনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে স্থানীয় পরিবেশবাদী সংগঠনের স্বেচ্ছাসেবীরা এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, নদীর চরে গড়ে ওঠা হাজারো ছোট-বড় গাছ কোনো নিয়ম-নীতি ছাড়াই কেটে ফেলা হচ্ছে, যা স্থানীয় পরিবেশ ও জনজীবনের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। এসব গাছ প্রাকৃতিক প্রতিরোধক হিসেবে কাজ করে নদীভাঙন রোধ, ঝড়-জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, নির্বিচারে গাছ কাটার ফলে এলাকায় পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে। এটি শুধু বন উজাড় নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। এভাবে গাছ নিধন অব্যাহত থাকলে নদীভাঙন বৃদ্ধি, জীববৈচিত্র্যের ক্ষয় এবং দীর্ঘমেয়াদি পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
মানববন্ধন থেকে অবিলম্বে গাছ নিধন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, এখনই সম্মিলিত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
সিডিও’র নির্বাহী পরিচালক ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ইউপি সদস্য আবিয়ার রহমান, সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলান্টিয়ার আনিসুর রহমান মিলন, নূরনাহার পারভীন নুহা, শুভজিত, টিম লিডার শাহিন হোসেন, ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর মুনতাকিমুল ইসলাম রুহানি, রাজিয়া সুলতানাসহ অন্যান্যরা।




















