হাজীর মাজার বস্তি উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের আস্তানা
মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর ৩১ আগস্ট ২০২৬ , ৫:৪০:১৬প্রিন্ট
সংস্করণ
গাজীপুরের টঙ্গীতে দীর্ঘদিনের কুখ্যাত মাদকের হটস্পট হিসেবে পরিচিত রাজউকের মালিকানাধীন হাজীর মাজার বস্তি উচ্ছেদ করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজারের কলকারখানা অধিদপ্তর সংলগ্ন ভরান হাজীর মাজার বস্তিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে এক্সকাভেটর ও পে-লোডার দিয়ে বস্তির অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবনের জন্য ব্যবহৃত স্থাপনাগুলোও উচ্ছেদ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকের আখড়া গড়ে উঠেছিল। এতে এলাকার সাধারণ মানুষ চরম অস্বস্তি ও নিরাপত্তাহীনতার মধ্যে ছিলেন। উচ্ছেদ অভিযানের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়াত হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। হঠাৎ এ অভিযানে এলাকায় থাকা অপরাধচক্রের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাজউক ও পুলিশ প্রশাসন জানিয়েছে, উচ্ছেদ করা জমিতে যাতে পুনরায় অবৈধ দখল কিংবা মাদকের আস্তানা গড়ে উঠতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারি রাখা হবে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।