চাকরি

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২১ আগস্ট ২০২৫ , ১:০৫:৫৭ প্রিন্ট সংস্করণ

 

চাঁপাইনবাবগঞ্জে এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবার।

লিখিত বক্তব্যে ওই ছাত্রী অভিযোগ করেন, পৌর এলাকার নতুনহাট মহল্লার আব্দুর রহমানের ছেলে হেলাল উদ্দিন নিজ বাড়িতে ‘হেলাল কোচিং সেন্টার’ পরিচালনা করেন। তিনি ওই প্রতিষ্ঠানের নিয়মিত ছাত্রী ছিলেন। গত এপ্রিল মাসে হেলাল উদ্দিন শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে গেলে সুযোগে ওই ছাত্রী গোসল করার সময় গোপনে ছবি তোলেন।

সম্প্রতি তিনি ছাত্রীর স্বামীর ফেসবুক মেসেঞ্জারে ওই ছবি পাঠিয়ে কু-প্রস্তাব দেন। এ সময় শিক্ষক হেলাল উদ্দিন আরও ছবি ও ভিডিও থাকার কথা উল্লেখ করে ব্ল্যাকমেইলের হুমকিও দেন বলে অভিযোগে বলা হয়েছে। কয়েকদিন পর কোচিংয়ে গেলে আবারও শিক্ষার্থীকে ছবি ও ভিডিও দেখিয়ে অশ্লীল প্রস্তাব দেন।

এ ঘটনায় ছাত্রীর পরিবার প্রতিবাদ করলে শিক্ষক ও পরিবারের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে ন্যায়বিচারের দাবিতে ছাত্রীর বাবা বাদী হয়ে সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী ছাত্রীর বাবা-মা ও স্বামীর পরিবারের সদস্যরা। এর আগে মঙ্গলবার বিকেলে আলাদা এক সংবাদ সম্মেলনে শিক্ষক হেলাল উদ্দিন ও তার পরিবার অভিযোগ করেন, ছাত্রীর পরিবার তাদের বিরুদ্ধে ছিনতাই ও মারধরের ঘটনা সাজিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এক ছাত্রীর বাবা যৌন হয়রানির অভিযোগে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে শিক্ষককে হুমকির অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

আরও খবর

Sponsered content