সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে হাম রোগীর সংখ্যা বেড়েছে, হাসপাতালে চাপ বাড়ছে

  মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার: ৯ এপ্রিল ২০২৬ , ১:৪৯:৫২ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হাম আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৮ জন ছেলে এবং ১৭ জন মেয়ে।

বর্তমানে হাসপাতালে মোট ৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন—এর মধ্যে ৩৫ জন ছেলে ও ৩৪ জন মেয়ে। একই সময়ে ৩৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত মোট ৫১৯ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে দীর্ঘস্থায়ী জ্বর বা শরীরে লালচে ফুসকুড়ি (র‍্যাশ) দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি, কারণ হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ।

জেলা হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ মশিউর রহমান জানান, রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলায় একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। চিকিৎসক ও নার্সের সংকট থাকা সত্ত্বেও বিকল্পভাবে লোকবল নিয়োগ করে চিকিৎসাসেবা অব্যাহত রাখা হচ্ছে।

তিনি আরও জানান, হাসপাতালে নিয়মিত হামের টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

আরও খবর

Sponsered content