সারাদেশ

চুনারুঘাটে যানজট নিরসনে বাইপাস সড়ক প্রশস্তকরণের উদ্যোগ

  চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ২০ মে ২০২৬ , ৭:১১:৪৩ প্রিন্ট সংস্করণ

চুনারুঘাট উপজেলার দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ কমাতে প্রস্তাবিত বাল্লারোড-তেলিফিরি বাইপাস সড়কের উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে সড়কটির প্রস্থ ১১ ফুট থেকে বাড়িয়ে ২২ ফুট করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বুধবার সকালে প্রস্তাবিত বাইপাস সড়কটি সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক গালিব চৌধুরী। এ সময় তিনি সড়ক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, সম্ভাব্য প্রতিবন্ধকতা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে পৌর প্রকৌশলী টিটন দাশ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ইউএনও গালিব চৌধুরী বলেন, “চুনারুঘাট পৌর এলাকার যানজট নিরসন এবং জনসাধারণের চলাচল সহজ করতে এই বাইপাস সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুত কাজ সম্পন্ন করে জনগণের সুবিধা নিশ্চিত করা হবে।”

চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসুও এ সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, “এই সড়কটি বাস্তবায়ন হলে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর ওপর চাপ কমবে এবং ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরবে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় যানজট ও যোগাযোগ সমস্যার কারণে মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছিল। সড়ক প্রশস্তকরণ কাজ শেষ হলে চুনারুঘাটের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও খবর

Sponsered content