খেলাধুলা

চুলের নতুন স্টাইলে চমকে দিলেন হলান্ড

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ , ১০:০৬:০৯ প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপে নরওয়েকে নেতৃত্ব দিয়ে কোয়ার্টার ফাইনালে তোলার পথে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু ছিলেন আর্লিং হলান্ড। নরওয়ের সমর্থকদের সঙ্গে তার ‘ভাইকিং’ বৈঠার ছন্দে উদযাপনও বিশ্বকাপে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে কাটানো সময়ের নানা মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন হলান্ড। এরপর তাকে ঘিরে এক ধরনের উন্মাদনা তৈরি হয়। সমর্থকেরা হলান্ডের মতো পরচুলা পরেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার দৌড়ের ধরন নিয়ে নানা রসিকতা করেছেন, এমনকি মিয়ামিতে তার মতো দেখতে ব্যক্তিদের নিয়ে প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল।

তবে এখন সেই প্রতিযোগিতার চেহারা অনেকটাই বদলে যেতে পারে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন রূপের ছবি ও ভিডিও প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন হলান্ড। দীর্ঘ স্বর্ণালি চুল কেটে এবার মাথায় একেবারে ছোট করে চুল রেখেছেন তিনি।

ইউটিউবে প্রকাশিত পুরো ভিডিওতে নতুন চেহারা দেখিয়ে একে একে বিভিন্ন বন্ধু ও পরিচিতজনকে ফোন করে চমকে দেন হলান্ড। ওসিসি তারকা নোয়েল গ্যালাঘার তার নতুন চেহারা দেখে হেসে ফেলেন। জ্লাতান ইব্রাহিমোভিচও অবাক হয়ে যান। তবে ম্যানচেস্টার সিটির সতীর্থ জ্যাক গ্রিলিশ মোটেও মুগ্ধ হননি।

গ্রিলিশ বলেন, ‘তোমাকে প্রায় ১০ বছরের বাচ্চার মতো দেখাচ্ছে!’

সবশেষে সাবেক কোচ পেপ গার্দিওলাকে ফোন করেন হলান্ড। নতুন চেহারা দেখে গার্দিওলাও স্বভাবতই বিস্মিত হন।

গার্দিওলা বলেন, ‘অসম্ভব! তোমার চুল আছে, এটাই তোমার ভাগ্য। আমার যদি চুল থাকত, কতই না ভালো লাগত!’

২০২২ সালের জুলাইয়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর চার মৌসুমের তিনটিতেই ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন হলান্ড। তবে এবারই প্রথম গার্দিওলাকে ছাড়া নতুন মৌসুম শুরু করেছেন তিনি।

গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব ছাড়েন গার্দিওলা। তার জায়গায় দায়িত্ব নেন সাবেক চেলসি কোচ এনজো মারেস্কা। কমিউনিটি শিল্ডে আর্সেনালের কাছে ৩-০ গোলে হেরে নতুন মৌসুমের শুরুটা অবশ্য উদ্বেগজনকই হয়েছিল সিটির।

তবে রোববার প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে পরিস্থিতি কিছুটা বদলায়। শেষ দিকে দুই গোল করে বোর্নমাউথের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় সিটি। যদিও সেই ম্যাচে গোলের খাতায় নাম তুলতে পারেননি হলান্ড।

আরও খবর

Sponsered content