নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার(সিলেট) ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৫১:২৫ প্রিন্ট সংস্করণ
জকিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে লেখক, সাংবাদিক, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজনদের সম্মানে ইফতার মাহফিল এবং সিলেট-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসান-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জকিগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব ভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল পূর্বে প্রেসক্লাব সভাপতি এখলাছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসান। তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজে ন্যায়, সত্য ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। জকিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল ভূমিকা রেখে আসছেন। সংসদ সদস্য হিসেবে তিনি জকিগঞ্জ প্রেসক্লাবের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।
তিনি আরও বলেন, গণমানুষের কল্যাণে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সহযোগিতায় এলাকার উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়া সম্ভব।
এসময় তিনি জকিগঞ্জ অঞ্চলের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, নদীভাঙন এ এলাকার একটি মারাত্মক সমস্যা। নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এলাকার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমদ, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, ওসি (তদন্ত) সুজন মিয়া, জকিগঞ্জ আদালতের আইনজীবী কাওছার রশীদ বাহার, জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছারওয়ার হোসাইন, দৈনিক ইত্তেফাকের সিলেট দক্ষিণ সুরমা প্রতিনিধি আহসান হাবীবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আবুল খায়ের চৌধুরী, সভাপতি এখলাছুর রহমান, সহ-সভাপতি শ্রীকান্ত পাল, সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আলম লস্কর, সহ সাধারণ সম্পাদক মাসুদ তরফদার, কোষাধ্যক্ষ কে এম মামুন, অফিস সম্পাদক ওমর ফারুকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জকিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসানকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।




















