প্রচ্ছদ

চালকের ঘুমে প্রাণ গেল ৭ জনের, মাইক্রোবাস চালকের বিরুদ্ধে মামলা

  নোয়াখালী প্রতিনিধি ১০ আগস্ট ২০২৫ , ১:৫৫:৫৫ প্রিন্ট সংস্করণ

নোয়াখালীর বেগমগঞ্জে চালকের ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের সাতজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে মাইক্রোবাস চালককে একমাত্র আসামি করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে নিহতদের স্বজন ও ওমান প্রবাসী মোহাম্মদ বাহার উদ্দিনের বাবা আবদুর রহিম বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামি এনায়েত হোসেন, লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকার মৃত ফয়েজ আহমেদের ছেলে।

গত বুধবার ভোরে নোয়াখালী–লক্ষ্মীপুর সড়কের বেগমগঞ্জের গজদীশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান ফেরত মোহাম্মদ বাহার উদ্দিনকে নিতে তার স্বজনরা মাইক্রোবাসে করে লক্ষ্মীপুর সদরের চৌপল্লী গ্রামে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছে চালক ঘুমিয়ে পড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন— বাহারের নানি ফয়জুন নেসা (৮০), মা খুরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা বেগম (৩০), মেয়ে মীম আক্তার (২), ভাবি লাবনী বেগম (৩০), ভাতিজি লামিয়া আক্তার (৯) ও রেশমি আক্তার (১০)।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান জানান, মামলাটি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনগত কার্যক্রম সেখানে সম্পন্ন হবে।

 

আরও খবর

Sponsered content