প্রচ্ছদ

বদরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও নগদ অর্থসহ আটক ১

  ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ২৬ জুলাই ২০২৫ , ৭:৫২:১৪ প্রিন্ট সংস্করণ

রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও নগদ অর্থসহ নজরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি আটক হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) গভীর রাতে উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক নজরুল ইসলাম রংপুর জেলার মিঠাপুকুর থানার চক দুর্গাপুর গ্রামের মো. ফজলউদ্দিনের ছেলে।

সেনাবাহিনীর তারাগঞ্জ ক্যাম্প কমান্ডার আরিয বিন বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নজরুল ইসলাম সাহেবগঞ্জ বাজারে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন এডহক ৩৪ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) ইউনিটের একটি টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে।

অভিযানে তার কাছ থেকে ২৭ কেজি দেশীয় মদ, নগদ ১ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা এবং ৪টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নজরুল ইসলামকে বদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “রাতে সেনাবাহিনীর একটি দল নজরুল ইসলামকে মাদকসহ থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।”

এদিকে, সেনাবাহিনীর এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, সেনাবাহিনীর সক্রিয় অংশগ্রহণে মাদকবিরোধী অভিযান আরও জোরদার হবে এবং সমাজ থেকে মাদক নির্মূল সহজতর হবে।

আরও খবর

Sponsered content