সারাদেশ

জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও রোগী ভোগান্তির অভিযোগ

  মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার ৪ জুন ২০২৬ , ৬:২৬:৫৬ প্রিন্ট সংস্করণ

 

নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিয়ে নানা অনিয়ম ও রোগী ভোগান্তির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে সেবার মান নিয়ে অসন্তোষ বিরাজ করছে।

অভিযোগ রয়েছে, হাসপাতালের কিছু কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম, দায়িত্বে অবহেলা এবং রোগীদের সঙ্গে অসদাচরণের ঘটনা ঘটছে। এছাড়া পারিবারিক বিরোধ বা মারামারির ঘটনায় অর্থের বিনিময়ে মেডিকেল সার্টিফিকেট দেওয়ার অভিযোগও করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগীদের দাবি, অনেক ক্ষেত্রে রোগীদের রোগ সম্পর্কে সঠিকভাবে পরামর্শ দেওয়া হয় না। ফলে চিকিৎসা গ্রহণের পরও অনেক রোগী, বিশেষ করে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন পরীক্ষার ফল নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন রোগী ও স্বজন।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটিতে রোগীসেবার চেয়ে ভোগান্তিই বেশি হচ্ছে। এ কারণে স্বাস্থ্যসেবা গ্রহণে অনেকেই আস্থা হারাচ্ছেন। তারা হাসপাতালের সার্বিক কার্যক্রমে অধিকতর নজরদারি এবং জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে গত ১০ থেকে ১২ দিন ধরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেনগুপ্তের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে নীলফামারীর সিভিল সার্জন মুঠোফোনে বলেন, “যারা ভুক্তভোগী, তারা লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারি স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে এবং রোগীদের আস্থা ফিরিয়ে আনতে অভিযোগগুলো দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

আরও খবর

Sponsered content