সারাদেশ

অসহায় পরিবারের পাশে গ্লোবাল কিডস স্কুল : টঙ্গীতে ঘর উপহার পেল দুই শিশুসহ একটি পরিবার

  স্টাফ রিপোর্টার : ১০ মে ২০২৬ , ৯:৫০:১১ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের টঙ্গীতে মানবিক উদ্যোগের অংশ হিসেবে অসহায় ও ঘরহীন একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে “গ্লোবাল কিডস স্কুল”। স্কুলটির উদ্যোগে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা একটি পরিবারকে নতুন ঘর উপহার দেওয়া হয়েছে।
রোববার (১০ মে) বিকেলে টঙ্গী রেলস্টেশন সংলগ্ন কেরানীর টেক বস্তিতে আনুষ্ঠানিকভাবে ঘরটি হস্তান্তর করা হয়।
জানা গেছে, ছোট দুই শিশু সন্তানকে নিয়ে বহু বছর ধরে চরম কষ্টে দিন কাটাচ্ছিল পরিবারটি। ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ছালা ও পলিথিন দিয়ে তৈরি অস্থায়ী ঘরে বসবাস করতেন তারা। বৃষ্টি হলেই আশ্রয়ের জন্য অন্যের ঘরের নিচে যেতে হতো পরিবারের সদস্যদের।
পরিবারটির দুর্দশার কথা বিবেচনা করে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় “গ্লোবাল কিডস স্কুল”। স্কুলের পরিচালক মাহবুবুর রহমান জিলানী ও পরিচালক মোহাম্মদ শামীম রেজার সার্বিক সহযোগিতায় রঙিন টিন, পিলার ও বাঁশ দিয়ে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়।
ঘর উদ্বোধন অনুষ্ঠানে গ্লোবাল কিডস স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে এবং পরিচালক মোহাম্মদ শামীম রেজার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মো. আব্দুল খালেক, সাংবাদিক নেতা কালিমুল্লাহ ইকবাল, সাংবাদিক নুরুজ্জামান, আরিফ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও এলাকাবাসী।
বক্তারা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আরও খবর

Sponsered content