মোঃ নুরুজ্জামান শেখ , গাজীপুর প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৬ , ৫:২৫:২২ প্রিন্ট সংস্করণ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুর করিম রনির পক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী এলাকায় ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিমউদ্দীন ভাট। সকাল থেকেই টঙ্গী বিসিক শিল্প এলাকার বিভিন্ন সড়ক, শিল্পাঞ্চল, বাজার ও জনবহুল এলাকায়—বিশেষ করে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অংশে গণসংযোগ চালানো হয়।
এ সময় নেতাকর্মীরা স্থানীয় সাধারণ ভোটার, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির প্রার্থী এম মঞ্জুর করিম রনির পক্ষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে হাজী মোহাম্মদ জসিমউদ্দীন ভাট বলেন, “দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতেই বিএনপি আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে।”
তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ।
গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী উল্লেখ করে তিনি বলেন, এখানকার শ্রমিক, খেটে খাওয়া মানুষ ও সাধারণ নাগরিকরা নানা সমস্যায় জর্জরিত। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এসব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। এ জন্য তিনি দলীয় প্রার্থীর পক্ষে সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা লিফলেট বিতরণ, পথসভা ও সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে দলীয় প্রার্থীর পক্ষে জনসমর্থন আদায়ে সক্রিয় ভূমিকা রাখেন।
এ সময় স্থানীয় ভোটাররা জানান, তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে একটি গ্রহণযোগ্য পরিবেশে ভোট দিতে চান এবং যে প্রার্থী জনগণের কথা বলবে ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে, তাকেই ভোট দেওয়ার প্রত্যাশা করেন।





















