সারাদেশ

বাঘারপাড়ায় সাংবাদিকদের সঙ্গে এমপি গোলাম রসুলের মতবিনিময়

  সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: ১২ সেপ্টেম্বর ২০২৬ , ৬:৩২:৪৫ প্রিন্ট সংস্করণ

যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. গোলাম রসুলের সঙ্গে বাঘারপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাঘারপাড়া উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময় হয়। আলোচনায় মাদক ও জুয়া বন্ধ, সামাজিক অবক্ষয় রোধ, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা, রাস্তাঘাটের উন্নয়ন এবং ইজিবাইক ও ভ্যানচালকদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধের বিষয়গুলো গুরুত্ব পায়।

এ ছাড়া বাঘারপাড়ায় একটি অডিটোরিয়াম ভবন নির্মাণের উদ্যোগ, উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সমস্যা ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়েও আলোচনা হয়। সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন সরকারি-বেসরকারি অনুষ্ঠান আয়োজনের জন্য একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সাংবাদিকরা।

মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। একই সঙ্গে মাদক ও জুয়ার বিস্তার রোধে কার্যকর উদ্যোগ, সামাজিক অবক্ষয় প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলার বিভিন্ন সড়কের উন্নয়ন ও সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। ইজিবাইক ও ভ্যানচালকদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি পরিবহন শ্রমিক ও চালকদের নিরাপদে চলাচল এবং তাদের ওপর কোনো ধরনের অনৈতিক চাপ সৃষ্টি না হয়, সে বিষয়েও করণীয় নিয়ে আলোচনা করেন উপস্থিতরা।

সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রফিকুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল আলিম, মতিউর রহমান, মোস্তফা ফয়সাল, ইমদাদুল হকসহ শিবির ও জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মধ্যে বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির, সহসভাপতি এম শরাফত উদ্দিন, তরুণ মণ্ডল, সাঈদ ইবনে হানিফ, শহিদুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

দীর্ঘ সময় ধরে চলা মতবিনিময় সভায় সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো সংসদ সদস্য অধ্যাপক মো. গোলাম রসুল গুরুত্বের সঙ্গে শোনেন এবং এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন। এলাকার উন্নয়ন, জনস্বার্থ রক্ষা ও বিভিন্ন সমস্যা সমাধানে সাংবাদিক ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করা হয়।

আরও খবর

Sponsered content