প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৫ , ৫:৩৬:৫৬ প্রিন্ট সংস্করণ
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্বাইল রোডে অবস্থিত ‘জাভান হোটেল অ্যান্ড বার’-এর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) হোটেলটির নিজস্ব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা আনিসুল হক আনসারী বলেন, “সম্প্রতি কিছু ব্যক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ‘জাভান হোটেল অ্যান্ড বার’-এর নাম ব্যবহার করে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালাচ্ছে। বিষয়টি নজরে আসার পর আমরা দেখতে পাই, কিছু ভিডিও ও পোস্টে আমাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
তিনি আরও বলেন, “আমরা হোটেলটি আইন অনুযায়ী বৈধ লাইসেন্সের আওতায় পরিচালনা করছি। প্রশাসনিক সব নিয়ম-কানুন কঠোরভাবে মেনে ব্যবসা চলছে। লাইসেন্সবহির্ভূত কোনো কার্যক্রমে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই এসব অপপ্রচার চালানো হচ্ছে।”
সাংবাদিকদের উদ্দেশে আনিসুল হক আনসারী আহ্বান জানান— “আপনারা যাচাই করা ও সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরুন। আমরা চাই, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের প্রচার বন্ধ হোক। প্রশাসনের সহযোগিতায় আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”
তিনি আরও জানান, “‘জাভান হোটেল অ্যান্ড বার’ সম্পূর্ণ বৈধ কাগজপত্র ও সরকারি নিয়ম মেনে পরিচালিত হচ্ছে। তাই ভবিষ্যতে কেউ যেন ভুল তথ্য ছড়িয়ে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করে—এ আহ্বান জানাচ্ছি।”




















