মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর: ৩০ ডিসেম্বর ২০২৫ , ৫:২৪:৪৪ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের গাছা থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাইকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ।
গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন মিয়া বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার মৃত জালাল মিয়ার ছেলে। তিনি গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। মিয়া কসাই এর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃত মিয়া কসাই এর বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল, শাহজাহানপুরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অবৈধ অস্ত্রের উৎস এবং সম্ভাব্য সহযোগীদের শনাক্তে পুলিশ অভিযান চালাচ্ছে।




















