ঝিনাইদহ প্রতিনিধি: ২ মে ২০২৬ , ৮:৩৪:৫৮ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ মাদক ‘ক্রিস্টাল আইস’ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২ মে) দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, সাতক্ষীরার শ্যামনগর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ৫১০ গ্রাম ‘ক্রিস্টাল মেথ’ বা ‘আইস’ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৫৫ লাখ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বলেন, উদ্ধার হওয়া মাদক ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গড়তে র্যাবের এ ধরনের অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।




















