নওগাঁ প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৬ , ১২:০৪:১৪ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ। রোববার (১১ অক্টোবর) বিকেলে মান্দা থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নওগাঁ জেলা শাখার আহ্বায়ক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর কুমার বিশ্বজিৎ সরকার।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। উপপরিদর্শক (এসআই) বিজন কুমার সভা সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দিরের সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিক, উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মলয় কুমার ঘোষ, মণ্ডপ কমিটির সভাপতি সুকমল চন্দ্র দাস, তৃপ্তিশ কুমার মণ্ডল ও অনুপ কুমার কুণ্ডু।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন বলেন, ‘শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সবাই যাতে পূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিটিগুলোকে সচেতন ও সতর্ক থাকতে হবে। প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আলোকসজ্জা, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিমা বিসর্জনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতারা নিরাপদ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্যাপনে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নের ১২৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।





















