রাজনীতি

ঝিকরগাছায় প্রসূতির মৃত্যুর ঘটনায় ফেমাস মেডিকেল ক্লিনিক তালাবদ্ধ

  যশোর প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৫৪:২৯ প্রিন্ট সংস্করণ


যশোরের ঝিকরগাছায় এক প্রসূতির মৃত্যুর ঘটনায় প্রশাসনের নজরে আসার পর পৌরসদরের রাজাপটিতে অবস্থিত ফেমাস মেডিকেল ক্লিনিক তালাবদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ক্লিনিকের প্রধান ফটক বন্ধ থাকায় প্রশাসনের পক্ষ থেকে নতুন করে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং ভবন মালিকের জিম্মায় ক্লিনিকটি রাখা হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ গ্রামের ইয়ানুর রহমানের মেয়ে সোহানা খাতুন (১৯) এর সিজারিয়ান অপারেশন করেন সালেহা ক্লিনিকের স্বঘোষিত ভুয়া ডাক্তার শরীফ উদ্দীন। অপারেশনে দুটি কন্যা শিশু জন্ম নিলেও এক পর্যায়ে প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানা গেছে।

অন্যদিকে, এ ঘটনায় বিতর্কিত হাতুড়ে ডাক্তার শরীফ উদ্দীনের সালেহা ক্লিনিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত তার ক্লিনিক সিলগালা, লাইসেন্স বাতিল এবং শরীফ উদ্দীনের গ্রেফতার দাবি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content