প্রতিনিধি ৪ জুলাই ২০২৫ , ৪:৩৩:৩০ প্রিন্ট সংস্করণ
তানভীর সরদার, স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভালকী গ্রামে পরকীয়ার জেরে সংঘটিত চাঞ্চল্যকর জসিম উদ্দিন হত্যা মামলায় স্ত্রী রিতা খাতুন ও তার প্রেমিক আব্দুল মালেককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক উৎপল ভট্টাচার্য্য এ রায় ঘোষণা করেন। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী মামুনুর রশিদ নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৭ নভেম্বর রাতে রিতা খাতুন ও তার প্রেমিক আব্দুল মালেক মিলে কৌশলে স্বামী জসিম উদ্দিনকে বাড়ির পাশে ডেকে নিয়ে গিয়ে চেতনানাশক খাইয়ে হত্যা করে। পরদিন নিহতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা এসআই অনিশ মন্ডল অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় প্রদান করেন।
রায়ে উভয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
বাদী পক্ষে: অ্যাড. রবিউল ইসলাম, অ্যাড. নেকবার ও অ্যাড. রিমা ইয়াসমিন
আসামী পক্ষে: অ্যাড. আনোয়ার হোসেন ও অ্যাড. গৌতম কুমার মামলাটি পরিচালনা করেন।
রায়ের পর নিহতের ভাই ও মামলার বাদী আব্দুর রশিদ সাংবাদিকদের বলেন,
“আমরা প্রমাণ করতে পেরেছি যে, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে আসামিদের ফাঁসি হলে আরও খুশি হতাম।”
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অনেকে এমন নির্মম হত্যাকাণ্ডের বিচার হওয়ায় আদালতের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।





















