সমাজকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন খাঁন। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিজ মালিকানাধীন ৪৬ শতক জমি সরকারকে দান করেছেন।
জানা গেছে, দানকৃত জমির আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ ৫ হাজার টাকা। জমিটি ব্যবহার করে বৃদ্ধ নিবাস, শিশু পরিবার, দুস্থ শিশু ও নারী পুনর্বাসন কেন্দ্র, ভবঘুরে আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
সম্প্রতি চারাভাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে জমির দানপত্র সম্পাদন করা হয়। কালিকাপুর মৌজার ৭ নম্বর জে.এলভুক্ত এ জমির গ্রহীতা হিসেবে ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব। দাতা হিসেবে স্বাক্ষর করেন রমিজ উদ্দিন খাঁন।
পরে দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র হবিগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইশমাম সাফিক চৌধুরী।
দলিল সম্পাদন শেষে রমিজ উদ্দিন খাঁন বলেন, সমাজের কল্যাণে কাজে লাগবে—এই লক্ষ্যেই তিনি জমিটি দান করেছেন। ভবিষ্যতে এখানে একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে উঠবে—এটাই তাঁর প্রত্যাশা।
হবিগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। জমিটি মন্ত্রণালয়ের আওতাধীন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের জন্য প্রস্তাব আকারে পাঠানো হবে।
উল্লেখ্য, দানকৃত জমির পাশেই বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন খাঁন প্রতিষ্ঠা করেছেন ‘রমিজ খাঁন দাখিল মাদরাসা’। শিক্ষা বিস্তার, বৃত্তি প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছেন। ভবিষ্যতে ওই এলাকায় কলেজ, টেকনিক্যাল প্রতিষ্ঠান ও মসজিদ নির্মাণের পরিকল্পনাও রয়েছে তাঁর।