ঝিনাইদহ প্রতিনিধি: ১০ এপ্রিল ২০২৬ , ১১:৪০:১৮ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহের কালীগঞ্জে প্রবাসী আব্দুল আজিজকে ঘিরে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে সাংবাদিকদের চাপ প্রয়োগ এবং বিদেশে ঘটে যাওয়া একটি মৃত্যুকে ঘিরে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি আরব প্রবাসী ঠিকাদার আব্দুল আজিজ গত রমজানে দেশে ফিরে কালীগঞ্জে বসবাস শুরু করেন। সম্প্রতি ঝিনাইদহ সদর উপজেলার গড়িয়ালা গ্রামের ইমন লস্কর নামে এক যুবকের মরদেহ সৌদি আরব থেকে দেশে আসে। ওই যুবকের মৃত্যুর কারণ নিয়ে ভিন্নমত তৈরি হলে আব্দুল আজিজ এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন।
তবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সৌদি আরবের ময়নাতদন্ত প্রতিবেদনে অতিরিক্ত মদ্যপানজনিত কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় শুক্রবার দুপুরে স্থানীয় সাংবাদিকরা তার বক্তব্য জানতে চাইলে আব্দুল আজিজ পূর্বে ধারণকৃত ভিডিও মুছে ফেলার অনুরোধ করেন। অভিযোগ রয়েছে, তিনি এ সময় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের পরিচয় উল্লেখ করে পরোক্ষভাবে চাপ প্রয়োগ করেন।
এছাড়া তার বিরুদ্ধে সৌদি আরবে বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগও স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক জানান, ভিডিও অপসারণ না করলে সমস্যায় পড়তে হতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে আব্দুল আজিজের আনুষ্ঠানিক কোনো লিখিত বক্তব্য পাওয়া যায়নি।




















