এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ১১ অক্টোবর ২০২৬ , ৭:৪৩:৩৮ প্রিন্ট সংস্করণ
যশোরের মণিরামপুর উপজেলায় এবার ১০৪টি পূজামণ্ডপে উদ্যাপিত হবে শারদীয় দুর্গোৎসব। ইতোমধ্যে প্রতিমা নির্মাণ ও মণ্ডপের সাজসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব। পূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
উৎসবের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন বলেন, প্রতি বছরের মতো এবারও উপজেলার প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনের লক্ষ্যে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।
উৎসব সফল করতে কাজ করছেন আয়োজকেরা। মণিরামপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তুলসী বসু ও সাধারণ সম্পাদক তরুণ কুমার শীল জানান, উপজেলার সব কটি মণ্ডপে শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে প্রশাসন ও স্থানীয় পূজা কমিটিগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
সরেজমিনে মণিরামপুর পৌরসভার গাংড়া দুর্গামন্দিরে গিয়ে দেখা যায়, পূজার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্দির কমিটির সভাপতি তাপস মজুমদার ও সাধারণ সম্পাদক বিপুল কুমার দেবনাথ জানান, এবার তাঁদের মণ্ডপে প্রায় ৬০টি প্রতিমা তৈরি করা হয়েছে। ভক্ত ও দর্শনার্থীদের ভিড় সামলানো এবং উৎসবকে বর্ণিল করে তুলতে তাঁরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের মধ্যেও দুর্গোৎসব ঘিরে আনন্দ-উৎসাহ দেখা যাচ্ছে। মণিরামপুর বাজারের ব্যবসায়ী দীপ কুমার দাস বলেন, পূজার দিনগুলোর জন্য তাঁরা সারা বছর অপেক্ষা করেন। তাঁর প্রত্যাশা, ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে এবারও দুর্গোৎসব আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ হবে।
দুর্গোৎসবকে ঘিরে মণিরামপুরের বিভিন্ন এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। জাতি-ধর্ম নির্বিশেষে সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সর্বজনীন উৎসব উদ্যাপনের প্রত্যাশা স্থানীয়দের।















