নওগাঁ প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৬ , ৩:০৮:২৩ প্রিন্ট সংস্করণ
নওগাঁর বদলগাছীতে পরিবারের সঙ্গে মনোমালিন্যের জেরে এক কিশোর আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিফাত হোসেন (১৫) ওই গ্রামের মো. আসাদুল ইসলাম কুইনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সিফাত বাবা-মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করত। সেখানে একটি হোটেলে কাজ করার সময় এক তালাকপ্রাপ্ত নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ওই নারীকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় সে। তবে সিফাতের বয়স কম হওয়ায় পরিবারের সদস্যরা বিয়েতে সম্মতি দেননি। এ নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্যের পর প্রায় সাত দিন আগে তাকে গ্রামের বাড়িতে পাঠানো হয়।
গ্রামে ফিরে প্রথমে নানির বাড়িতে অবস্থান করছিল সিফাত। তিন দিন আগে সে নিজ বাড়িতে আসে। রোববার (১১ অক্টোবর) রাতে চাচার বাড়িতে খাবার খেয়ে রাত ১০টার দিকে নিজের শয়নকক্ষে ঘুমাতে যায়।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার চাচি সুজি বেগম নাশতা খাওয়ার জন্য ডাকাডাকি করেন। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে ঘরের দেয়ালের ফাঁক দিয়ে ভেতরে তাকালে সিফাতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসেন। পরে ঘরের দরজা খুলে তাকে নিচে নামানো হলে মৃত অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পরিবারের সদস্যরা পছন্দের নারীকে বিয়ে করতে সম্মতি না দেওয়ায় অভিমান করে সিফাত আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।





















