সারাদেশ

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সাংস্কৃতিক মেলা ও সঙ্গীত উৎসব

  কক্সবাজার জেলা প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৬ , ১২:২৫:১১ প্রিন্ট সংস্করণ

যুব নেতৃত্বে শান্তি, সামাজিক সংহতি ও পারস্পরিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে কক্সবাজারের টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে ‘সাংস্কৃতিক মেলা ও সঙ্গীত উৎসব ২০২৬’। বুধবার (২ সেপ্টেম্বর) ক্যাম্প-২৪-এর নাফ ইয়ুথ পিস ক্যাফেতে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে এবং এসএইচইডি (SHED) ও অ্যাকশনএইডের অংশীদারত্বে আয়োজিত অনুষ্ঠানে তরুণদের অংশগ্রহণে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ক্যাম্প-২৪-এর সহকারী সিআইসি গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রাহামা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন প্রটেকশন সেক্টরের ফোকাল ক্লিনটন দে, হেড মাঝি নবী হোসাইন এবং ক্যাম্প-২৪-এর চেয়ারম্যান মোহাম্মদ আলম।

অনুষ্ঠান পরিচালনা করেন ইয়ুথ পিসবিল্ডার আদনান সামি ও অ্যাকশনএইডের সানজিদা আক্তার। খেলাধুলা পরিচালনা করেন ক্যাম্প-২৪-এর ইয়ুথ পিসবিল্ডার আব্দুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন ক্যাম্প-২৪-এর ইয়ুথ পিসবিল্ডার মিনারা আক্তার।

আয়োজকেরা জানান, সংস্কৃতি, সংগীত ও খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহমর্মিতা, সম্প্রীতি ও শান্তির সংস্কৃতি গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বাংলাদেশ ও মিয়ানমারের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সামাজিক সংহতি জোরদার এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উৎসবে অংশ নেওয়া তরুণেরা বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলা পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়ক। নিয়মিত এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক নেতৃত্ব বিকাশের পাশাপাশি সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ আরও শক্তিশালী করতে পারে।

দিনব্যাপী আয়োজনে ক্যাম্প-২৪-এর ইয়ুথ পিসবিল্ডারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তরুণেরা।

আরও খবর

Sponsered content