সারাদেশ

ট্রেন চলাচল বন্ধ এক ঘণ্টা: মোবারকগঞ্জে রকেট মেইলের লাগেজভ্যানের স্প্রিং ভেঙে বিপর্যয়

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টারঃ ৫ নভেম্বর ২০২৫ , ৪:০১:৫০ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনের লাগেজভ্যানের স্প্রিং ভেঙে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে ট্রেনের সিডিউলে সাময়িক বিপর্যয় সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

বুধবার দুপুরে খুলনা থেকে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনটি কালীগঞ্জ সীমান্তে প্রবেশ করার পর পেছনের লাগেজভ্যানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। দুপুর ১২টা ৩ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে ট্রেন থামানো হলে দেখা যায় লাগেজভ্যানের চাকার স্প্রিং ভেঙে গেছে

রেলওয়ে সূত্রে জানা যায়, পরে লাগেজভ্যানে থাকা মালামাল সরিয়ে বগির ওপর রাখা হয় এবং দ্রুত মেরামতকাজ সম্পন্নের পর দুপুর ১টা ১৮ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেনের চালক আমিনুল ইসলাম বলেন, “খুলনা থেকে ট্রেন ছাড়ার পর কালীগঞ্জ সীমান্তে ঢোকার সময় পেছনের লাগেজভ্যানের চাকায় সমস্যা টের পাই। মোবারকগঞ্জ স্টেশনে থামিয়ে দেখি স্প্রিং ভেঙে গেছে। পরে মালামাল সরিয়ে নিরাপদে ট্রেনটি আবার চালু করি।”

রেলওয়ের স্থানীয় কর্মকর্তারা জানান, বিষয়টি খুলনা রেলওয়ে কারিগরি বিভাগকে অবহিত করা হয়েছে এবং এ ঘটনায় যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে তদন্ত চলছে

উল্লেখ্য, রকেট মেইল ট্রেনটি খুলনা ও উত্তরাঞ্চলের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগের একটি মাধ্যম। এ ধরনের যান্ত্রিক ত্রুটি যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও খবর

Sponsered content