বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও–১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধের সময় দেশের বিরোধিতা করা একটি দল এখনো তাদের ভূমিকার জন্য ক্ষমা চায়নি, অথচ জনগণের কাছে ভোট চাইছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদরের আকচা এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন। জামায়াতের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “স্বাধীনতা যুদ্ধে যে দলটি দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল, যারা মানুষ হত্যা করেছে, মা-বোনদের সম্ভ্রম নষ্ট করেছে—তারা এখনো এসবের জন্য ক্ষমা চায়নি। আগে একাত্তরের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে তারপর জনগণের কাছে ভোট চাইতে হবে।”
তিনি বলেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। “এটা আমার শেষ নির্বাচন। ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন ও দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করবেন,”—ভোটারদের প্রতি এমন আহ্বান জানান তিনি।
পথসভায় মির্জা ফখরুল রংপুরে দেওয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর বক্তব্য উদ্ধৃত করে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, “১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ যাদের রয়েছে, তা সুদসহ মওকুফ করা হবে। আমার মায়েদের জন্যও সুখবর আছে—অনেকে এনজিও থেকে ঋণ নিয়েছেন, সরকার গঠন করতে পারলে সেই দায় সরকার বহন করবে।”
এ ছাড়া সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এসব কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি সহায়তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে বলে জানান বিএনপি মহাসচিব।
পথসভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























