সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ২য় বিভাগ ফুটবল লীগের পর্দা নামল, চ্যাম্পিয়ন ফ্রিডম ক্রীড়া ও সাহিত্য সংসদ

  হুমায়ুন কবির ঠাকুরগাঁও : ২০ জুন ২০২৬ , ১০:৪৩:৩৫ প্রিন্ট সংস্করণ

উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শক সমাগমের মধ্য দিয়ে ঠাকুরগাঁওে ২য় বিভাগ ফুটবল লীগ-২০২৬ এর সফল সমাপ্তি হয়েছে। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ফ্রিডম ক্রীড়া ও সাহিত্য সংসদ এবং ফ্রেন্ডস ক্লাব, রুহিয়া। তবে নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই গোলের দেখা না পাওয়ায় লীগ পর্বে অর্জিত অধিক পয়েন্টের ভিত্তিতে ফ্রিডম ক্রীড়া ও সাহিত্য সংসদকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। শনিবার ২০ জুন বিকেলে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য ফুটবলপ্রেমী দর্শক। খেলাজুড়ে দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করলেও শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই শেষ হয় নির্ধারিত সময়ের লড়াই।খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন, কমিটির প্রকিউরমেন্ট ও ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, বাফুফে সদস্য শরিফুল ইসলাম শরিফ, জেলা ফুটবল লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক আহমদ উল্লাহ বাবু এবং জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক ও সাবেক ফুটবলার আরাফাত আলী রণি।আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই। এ লক্ষ্যকে সামনে রেখে ভবিষ্যতেও এমন আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফ্রিডম ক্রীড়া ও সাহিত্য সংসদ ট্রফির পাশাপাশি ৪০ হাজার টাকা প্রাইজমানি অর্জন করে। অপরদিকে রানার্সআপ ফ্রেন্ডস ক্লাব, রুহিয়া ট্রফির সঙ্গে ২০ হাজার টাকা প্রাইজমানি লাভ করে।
জেলার ফুটবল অঙ্গনের প্রাণচাঞ্চল্য বাড়াতে এবং নতুন প্রতিভা খুঁজে বের করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর

Sponsered content