সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৬ , ২:৩১:২২ প্রিন্ট সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শনিবার (২৯ আগস্ট) ভোর থেকে মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত ঢাকামুখী লেনে যানজট ছড়িয়ে পড়ে।
এর আগে শুক্রবার রাত থেকেই মহাসড়কের বিভিন্ন অংশে যানজট ছিল। আষাড়িয়ারচর ব্রিজের ঢাকামুখী লেনের একটি অংশে বড় গর্ত সৃষ্টি হওয়ায় দুর্ঘটনা এড়াতে শুক্রবার বেলা ১১টার দিকে সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ। কাজের সময় এক লেন বন্ধ রেখে অন্য লেন দিয়ে যানবাহন চলাচল করায় ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকে। একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
হাজার হাজার যানবাহন যানজটে আটকা পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রোগীবাহী অ্যাম্বুলেন্স, দূরপাল্লার বাস ও বিদেশগামী যাত্রীদের বহনকারী যানবাহনও দীর্ঘ সময় আটকে রয়েছে।
মিয়ামী পরিবহনের চালক হাসান জানান, শনিবার সকাল ৭টায় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে দীর্ঘ সময় ধরে দাউদকান্দিতে আটকে আছেন।
এশিয়া লাইন পরিবহনের চালক সুজন বলেন, কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যানজট রয়েছে। তিনি প্রায় তিন ঘণ্টা ধরে দাউদকান্দির গৌরীপুর এলাকায় বাস নিয়ে আটকে আছেন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম জানান, আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের একটি লেনে জরুরি সংস্কারকাজ চলছে। এক লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় যানজটের সৃষ্টি হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেম দাস রায় বলেন, সড়ক সংস্কারের কারণে মহাসড়কের একটি লেন বন্ধ রয়েছে। এতে দীর্ঘ যানজট তৈরি হলেও যানবাহন ধীরগতিতে চলাচল করছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।

আরও খবর

Sponsered content