মাদারীপুর প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৫ , ১:৪৮:১৯ প্রিন্ট সংস্করণ
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শিবচরের পাঁচ্চরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ফরিদপুর থেকে ঢাকামুখী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে যায়। এর কিছুক্ষণের মধ্যেই কাছাকাছি টুঙ্গিপাড়া এক্সপ্রেসের আরেকটি বাসও একইভাবে ডিভাইডারে উঠে যায়। পরে পেছন থেকে আসা নড়াইল এক্সপ্রেস ডিভাইডারে ধাক্কা খায় এবং এর পেছনে থাকা সাকুরা পরিবহনের বাস নড়াইল এক্সপ্রেসকে ধাক্কা দেয়।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিঞা বলেন, “নিয়ন্ত্রণ হারিয়ে একে একে চারটি বাস ডিভাইডারের ওপর উঠে দুর্ঘটনার শিকার হয়। আহতদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ক্ষতিগ্রস্ত বাসগুলো উদ্ধারের কাজ চলছে।”





















