আইন-আদালত

ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তিনজন কারাগারে

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:৫৩:০০ প্রিন্ট সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করে চাঁদাবাজির মামলায় মৌসুমি তৃতীয় লিঙ্গের একজনসহ তিন আসামির রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ‎একই সঙ্গে তাদের কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন শুনানি নিয়ে এ আদেশ দিয়েছেন।

কারাগারে যাওয়া অপর দুই আসামি হলেন-তৃতীয় লিঙ্গের মৌসুমি স্বামী ইমরান হোসেন এবং হিজরা অধরা। ‎মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার এসআই উত্তম কুমার মিত্র আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন। বাদীপক্ষে অ্যাডভোকেট মো. ইশতিয়াক হোসেন জিপু রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিদের পক্ষে আইনজীবী মো. সাইফুল আনোয়ার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। ‎

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ওই শিক্ষার্থী শরীফ মোহাম্মদ ছায়ফুল ইসলাম গত ২ ফেব্রুয়ারি মুগদা থানায় মামলা দায়ের করেন। ‎মামলায় অভিযোগ করেন, গত ২০ জানুয়ারি রাত সাড়ে ৮ টার দিকে ওই শিক্ষার্থী কমলাপুর ফুটওভার ব্রীজ দিয়ে বাসায় ফেরার পথে অধরা সাহায্য চান। সাহায্যের জন্য গেলে কয়েকজন তুলে নিয়ে যান। মানিকনগর স্টেডিয়ামের পাশের একটি ভবনে তাকে আটকে রাখে। ছায়ফুলের কাছে তারা এক লাখ টাকা চাঁদা দাবি করে। পরে তাকে চাপ সৃষ্টি করে বিভিন্ন জায়গা থেকে প্রায় ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে তারা তাকে মানিকনগর লেকপাড় নিয়ে ছেড়ে দিয়ে আসে।

আরও খবর

Sponsered content