মোঃ নুরুজ্জামান শেখ, স্টাফ রিপোর্টার: ২৩ নভেম্বর ২০২৫ , ১০:০৫:১৩ প্রিন্ট সংস্করণ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাজীপুরে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী মানবিক কর্মসূচি। শনিবার (২২ নভেম্বর) বিকালে টঙ্গীর আমজাদ আলী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরকার জাবেদ আহম্মেদ সুমনের উদ্যোগে তিন থানার এতিম ও অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র, খাবার ও উপহার বিতরণ করা হয়।
টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম ও গাছা থানা এলাকার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত হাজারো শিশু শীতবস্ত্র ও উপহার পেয়ে আনন্দিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের দীর্ঘায়ু, দেশের শান্তি ও স্থিতিশীলতা এবং অসহায় শিশুদের কল্যাণ কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহম্মেদ সুমন বলেন,
“আমাদের নেতার নির্দেশনায় জন্মদিনে উৎসব নয়, মানবিক সেবা—এই বার্তা ছড়িয়ে দিতে আজকের আয়োজন। শীত যেন কোনো শিশুর কষ্টের কারণ না হয়, সে জন্য হাজারো শিশুকে শীতবস্ত্র ও খাবার দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন,
“১৮ কোটি মানুষ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা জনগণের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
ইসমাইল হোসেন রানা, সিনিয়র সহ-সভাপতি, টঙ্গী পূর্ব থানা বিএনপি;
আকবর হোসেন ফারুক, আহ্বায়ক, টঙ্গী পূর্ব থানা যুবদল;
গাজী ওসমান, সভাপতি, ৫৬ নং ওয়ার্ড বিএনপি;
মোহাম্মাদ আমিন, সাধারণ সম্পাদক, ৪৭ নং ওয়ার্ড বিএনপি;
সিরাজুল ইসলাম সাথী, সাবেক সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল;
মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, যুবদল নেতা;
যুবদল নেতা মামুনসহ তিন থানার নেতাকর্মী, আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষক ও অভিভাবকরা।
আয়োজন শেষে তিন থানার বিভিন্ন মাদ্রাসার শত শত শিশুর হাতে শীতবস্ত্র, খাবার ও উপহার তুলে দেওয়া হয়। মানবিক ছোঁয়া, ধর্মীয় আবহ ও শিশুদের উচ্ছ্বাসে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য সামাজিক মিলনমেলায়।




















