প্রচ্ছদ

তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

  গঙ্গাচড়া, রংপুর প্রতিনিধি: ২২ এপ্রিল ২০২৫ , ১১:৩৪:১৫ প্রিন্ট সংস্করণ

তিস্তা নদীর বুক চিরে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন এক ব্যক্তি। কিন্তু প্রশাসনের তৎপর অভিযানে থেমে গেল সেই অপকর্ম। গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের রমাকান্ত গ্রামে অভিযান চালিয়ে আনিছুর রহমান নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন তিনি। অভিযানে দেখা যায়, মাহিন্দ্রা ট্রলি ব্যবহার করে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আনিছুর রহমানকে এই জরিমানা প্রদান করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, নদী থেকে অননুমোদিতভাবে বালু উত্তোলন পরিবেশ ও প্রতিবেশের ওপর ভয়াবহ প্রভাব ফেলে। এতে নদীর গতিপথ পরিবর্তন হয়, তীরবর্তী এলাকা ভাঙনের শিকার হয় এবং কৃষি জমি হুমকির মুখে পড়ে। আমরা কারো অনৈতিক কাজকে প্রশ্রয় দেব না। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে।

তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলন রোধে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা জানান, দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী ভাঙন তীব্র আকার ধারণ করছিল। প্রশাসনের এমন পদক্ষেপে তারা আশার আলো দেখছেন।

আব্দুল আলীম প্রামানিক /এমআই

আরও খবর

Sponsered content