মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় প্রতিনিধি: ২১ জুলাই ২০২৬ , ১২:০০:১৫ প্রিন্ট সংস্করণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া সদর ইউনিয়নের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে এক দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি ও মকবুলার রহমান জেনারেল হাসপাতালের যৌথ উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করীম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদ এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ। এছাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
চিকিৎসা ক্যাম্পে সেবা প্রদান করেন পঞ্চগড় ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফজলে হাসান সিদ্দিকী (নাঈম) এবং ডা. মো. ফেরদৌস কামাল।
দিনব্যাপী ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ এবং মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, শ্বাসকষ্ট, স্ট্রোক, বাত-ব্যথা, চর্ম ও যৌনরোগসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। এছাড়া দরিদ্র, অসহায় ও দুস্থ রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চিকিৎসকরা বলেন, এ ধরনের স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে তেঁতুলিয়ার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





















