সারাদেশ

দিনাজপুরের হিলিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

  দিনাজপুর প্রতিনিধি | মোঃ শাহ্ আলম মন্ডল ৫ জানুয়ারি ২০২৬ , ৮:১৭:৪২ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে হিলি পৌর শহরের বড় ডাঙ্গাপাড়া এলাকায় বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের সহধর্মিণী ডাঃ শরিফা করিম স্বর্ণা। তিনি বলেন, “ডাঃ জাহিদ শুধু বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন না, তিনি তাঁকে নিজের মায়ের মতো সম্মান ও ভালোবাসতেন। নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে দীর্ঘদিন তিনি তাঁর চিকিৎসাসেবা দিয়ে গেছেন।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। দেশ ও গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর ত্যাগ ও অবদান জাতি কোনোদিন ভুলবে না। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

ডাঃ শরিফা করিম স্বর্ণা বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি ডাঃ জাহিদের দায়িত্ববোধ ছিল কেবল পেশাগত নয়; বরং তা ছিল পারিবারিক ও আবেগের জায়গা থেকে। একজন চিকিৎসক হিসেবে নয়, একজন সন্তানের মতো তিনি সবসময় তাঁর পাশে ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে উপস্থিত নেতারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর আদর্শ ও নেতৃত্ব আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

মাহফিল শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনায় দোয়া করা হয়।

আরও খবর

Sponsered content