মোঃ শাহ্ আলম মন্ডল , দিনাজপুর প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৬ , ১০:৪৭:৪৮ প্রিন্ট সংস্করণ
উত্তরের জেলা দিনাজপুরে শীতের দাপট আরও জোরালো হয়ে উঠেছে। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।
রোববার (৪ জানুয়ারি) ভোর থেকে ঘন কুয়াশায় দিনাজপুর জেলা আচ্ছন্ন থাকে। শীতল বাতাসের সঙ্গে কুয়াশার প্রভাবে সকাল থেকেই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। সড়কে যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়ে এবং অনেক স্থানে দৃশ্যমানতা কমে যায়।
দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৯০ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তোলে।
পরে সকাল ৯টায় আবহাওয়া অফিস থেকে জানানো হয়, দিনের চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রাও ১১.৬ ডিগ্রি সেলসিয়াসেই স্থির রয়েছে। আবহাওয়া পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
টানা শীতের প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ, শিশু ও বয়স্করা। শীত থেকে বাঁচতে অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। খেটে খাওয়া মানুষের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। শীত মোকাবিলায় গরম পোশাক, কম্বল ও অন্যান্য শীতবস্ত্রের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।




















