প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৫ , ১২:৪১:২৭ প্রিন্ট সংস্করণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী শহরের মডেল মসজিদের পাশের গোদ্ধারের বিল থেকে অবসরপ্রাপ্ত সাবরেজিস্টার সহিবুর রহমান স্বপন প্রধানের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) সকালে মডেল মসজিদে নামাজ পড়তে আসা স্থানীয়রা কচুরিপানার নিচে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মৃত স্বপন প্রধান সাবেক সরকারি কর্মকর্তা ছিলেন এবং মুজিব সরকার কর্মচারী হিসেবে সাবরেজিস্টার পদে দায়িত্ব পালন করেছেন। তিনি নাগেশ্বরী উপজেলার সাতানী পাড়ার বাসিন্দা এবং বর্তমানে শহরের পাশেই জমি কিনে সেখানে “লেক সিটি” নির্মাণ করেছিলেন। বিলপাড়ে তার একটি ক্লিনিক ভবনও রয়েছে।
স্থানীয়রা জানান, স্বপন প্রধান মাঝে মধ্যে ওই গোলঘরে বসতেন। তাদের ধারণা, তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছে।
এ ঘটনায় পুলিশ তার সৎ ভাই তালহাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, “মরদেহ কচুরিপানার নিচে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লুকানো হয়েছে। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”




















