সারাদেশ

দিনাজপুর সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির কঠোর অবস্থান

  মো. শাহ্ আলম মণ্ডল, দিনাজপুর প্রতিনিধি ২ এপ্রিল ২০২৬ , ৭:০০:১৮ প্রিন্ট সংস্করণ

বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতার প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সীমান্তজুড়ে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে যাতে সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে তেল পাচার না হয়, সেজন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়নের অধীন ২৯টি বিওপি (বর্ডার আউটপোস্ট) ও ৫টি বিশেষ ক্যাম্প থেকে নিয়মিত ও অতিরিক্ত টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম চালানো হচ্ছে।

বিশেষ করে বোতল ও জারকিনের মাধ্যমে পেট্রোল ও অকটেন পাচার ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি জ্বালানি তেল পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ।”

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সকল সংস্থা ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় স্বার্থ রক্ষা করা সম্ভব।

এ বিষয়ে বিজিবি সকলকে গুজবে বিভ্রান্ত না হয়ে সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক কার্যক্রম দেখা গেলে দ্রুত তাদের অবহিত করার আহ্বান জানিয়েছে।

আরও খবর

Sponsered content