সারাদেশ

“দিল্লি ও লন্ডনের প্রেসক্রিপশনে নয়, বাংলাদেশের জনগণই দেশ চালাবে”—ভিপি সাদিক কায়েম

  নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট) ২৯ নভেম্বর ২০২৫ , ১০:৪৮:৪৩ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম বলেছেন, “দিল্লি বা লন্ডন থেকে প্রেসক্রিপশন নিয়ে কেউ বাংলাদেশ চালাতে পারবে না। এই দেশের মাটি ও মানুষের নেতা হয়েই বাংলার ভবিষ্যৎ গড়তে হবে।”

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, “অতীতে ভারত আমাদের ওপর অনেক জুলুম করেছে। ফ্যাসিস্ট শাসকরা সেই দালালিকে প্রশ্রয় দিয়েছিল। কিন্তু স্বাধীন বাংলাদেশে আর দিল্লির দালালি চলবে না। ভারতের প্রেসক্রিপশনে নয়, বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে বাংলাদেশের জনগণই।”

তিনি আরও যোগ করেন, “একইভাবে কেউ লন্ডনে বসে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে—এটিও আর চলবে না। দেশের সব সিদ্ধান্ত এখানকার জনগণই নেবে।”

সীমান্তে হত্যাকাণ্ড ইস্যুতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আর সীমান্তে হত্যা চলবে না। একটি লাশ পড়লে ১৮ কোটি মানুষ প্রতিবাদে নামবে। অতীতের সীমান্ত হত্যারও বিচার হবে।”

সাদিক কায়েম অভিযোগ করেন, “পূর্ববর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে একটি দলের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী সেই কাঠামো থাকবে না—ক্ষমতা থাকবে জনগণের হাতে।”

তিনি বলেন, “জুলাই বিপ্লব তরুণদের মধ্যে ইনসাফ ও ন্যায়বিচারের একটি নতুন প্রজন্ম তৈরি করেছে। ঢাকসু, রাকসু, জাকসু ও চাকসুর নির্বাচন তার প্রমাণ। আসন্ন জাতীয় নির্বাচনে ইনসাফের প্রার্থীরাই বিজয়ী হয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দেবে।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট–৪ আসনের জামায়াত মনোনীত সংসদ প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন। সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি শফিকুল ইসলাম।

আরও খবর

Sponsered content