সারাদেশ

ধর্ষকের দ্রুত বিচার ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের দাবিতে ঝিকরগাছায় মানববন্ধন

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার: ২২ মে ২০২৬ , ১১:১৫:৪৫ প্রিন্ট সংস্করণ

ডিএনএ পরীক্ষার মাধ্যমে ধর্ষকের পরিচয় শনাক্ত এবং ধর্ষক ও তাদের সহযোগীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে যশোরের ঝিকরগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় ঝিকরগাছা উপজেলা মোড়ে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’র উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সেবা’ সংগঠন ও ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার আশরাফুজ্জামান বাবু। এতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব, বাঁকড়া প্রেসক্লাব, ঊষার আলো স্বেচ্ছাসেবী সংগঠন, হাড়িয়াদেয়াড়া সেবা সংঘ, আল বারকাহ ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশ নেন।

সভাপতির বক্তব্যে মাষ্টার আশরাফুজ্জামান বাবু বলেন,“দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশু ধর্ষণের মতো অমানবিক ঘটনা সমাজকে গভীরভাবে নাড়া দিচ্ছে। দীর্ঘ বিচার প্রক্রিয়ার কারণে অনেক সময় অপরাধীরা পার পেয়ে যায়, যা নতুন অপরাধের পথ তৈরি করে।”

তিনি আরও বলেন, অপরাধীদের দ্রুত শনাক্তে ডিএনএ পরীক্ষার কার্যকর ব্যবহার এবং ধর্ষণের মতো গুরুতর অপরাধের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়ে আইনগত সংস্কার প্রয়োজন।

ঊষার আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি বিএম সাগর হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসাইন, পল্লী উন্নয়ন স্বর্ণপদকপ্রাপ্ত সংগঠক আব্দুল্লাহ আল সাঈদ, বিবর্তন ঝিকরগাছার সাধারণ সম্পাদক সুজন দত্তসহ অন্যরা।

বক্তারা ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কার্যকর বিচার ব্যবস্থা জোরদার এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content