প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৬ , ১২:২৬:৫৪ প্রিন্ট সংস্করণ
তুরস্কের আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে উপসাগরীয় অঞ্চলের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা ছাড়াও হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সহায়তা চেয়েছে ঢাকা।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, বৈঠকে দুই পক্ষ উপসাগরীয় অঞ্চলের পরিবর্তিত পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চলমান পরিস্থিতিতে বাংলাদেশের ধারাবাহিক ও ভারসাম্যপূর্ণ অবস্থান তুলে ধরেন এবং সব পক্ষকে সংযম প্রদর্শন ও সংলাপ-আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই গঠনমূলক অবস্থানকে স্বাগত জানান এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে খলিলুর রহমান হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ইরান যে ছয়টি দেশের জাহাজকে হরমুজ অতিক্রমের অনুমতি দিয়েছে, সেখানে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ঢাকা কৃতজ্ঞ।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বিষয়টি তাৎক্ষণিকভাবে অনুসরণ করেন এবং পররাষ্ট্রমন্ত্রীকে জানান, পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।
এর আগে গত ৫ এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠকেও ‘বাংলার জয়যাত্রা’সহ আরেকটি বাংলাদেশগামী অপরিশোধিত জ্বালানিবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অনুরোধ জানান তিনি। রাষ্ট্রদূত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের আশ্বাস দেন।
ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেন এবং ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের পর ১৩তম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলামকে সমবেদনা বইয়ে স্বাক্ষরের জন্য পাঠানো এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশির নিরাপদে আজারবাইজানে স্থানান্তরের ক্ষেত্রে সহযোগিতা দেওয়ায় ইরান সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন।




















